রাজধানীতে গোপন বৈঠক থেকে ৪১ শিবিরকর্মী আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ২২:১৬


রাজধানীর ফার্মগেট এলাকার একটি হোটেলে গোপন বৈঠক করার সময় ৪১ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফার্মগেইটে অবস্থিত হোটেল গিভেন্সির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। খবর বাসসের।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ফার্মগেটের হোটেল গিভেন্সিতে অভিযান চালানো হয়। এ সময় ওই হোটেলের দ্বিতীয় তলা থেকে ৪১ শিবির কর্মীকে আটক করা হয়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে নাশকতার পরিকল্পনা করার জন্য তারা সেখানে জড়ো হয়।

বর্তমান সরকারের উচ্চ পর্যায় থেকে অভিযোগ করা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধি আন্দোলনে জামায়াত ইসলামী এবং এর ছাত্র সংগঠন শিবিরের নেতা-কর্মীদের ইন্ধন রয়েছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন অভিযোগ পাওয়া যায়। এরই মধ্যে আটক করা হয় ৪১ শিবির কর্মীকে। পুলিশ জানায়, আটক শিবির কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। বাসস।