অনন্যা শীর্ষ দশ সম্মাননা প্রদান করা হবে আজ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ০১:৪২

ভিন্ন ভিন্ন পেশায় ১০ জন প্রতিশ্রুতিশীল নারীকে আজ শনিবার প্রদান করা হচ্ছে ‘অনন্যা শীর্ষ দশ ২০১৪’ সম্মাননা। প্রথমে বছরের আলোচিত নারীকে সম্মান দেয়ার লক্ষ্যে পাক্ষিক অনন্যা প্রবর্তন করে বছরের সেরা নারী সম্মাননা। তার কাজকে সকলের কাছে তুলে ধরা, তাকে অনুপ্রাণিত করা, অন্যদের এগিয়ে যেতে উত্সাহিত করার লক্ষ্য ছিল আয়োজকদের। পরে শুধু একজন নয় ১০টি ভিন্ন পেশার নারীকে মনোনীত করে এ সম্মাননাকে আরো বিস্তৃত করে করা হয় ‘অনন্যা শীর্ষ দশ’।

 
এ বছর অধ্যাপক লায়লা নূর (ভাষাসংগ্রামী), অধ্যাপক ফারজানা ইসলাম (দেশের প্রথম নারীভিসি), অধ্যাপক খালেদা একরাম (বুয়েটের প্রথম নারীভিসি), মেহের আফরোজ চুমকি (রাজনীতি), ডা. তাহমিনা বানু (চিকিত্সা), রোকসানা সুলতানা (সমাজসেবা), ব্যারিস্টার তুরিন আফরোজ (আইন ও মানবাধিকার), নাজিয়া আন্দালিব প্রিমা (ভিজ্যুয়াল আর্ট), সালমা খাতুন (খেলাধুলা), নাইমা হক এবং তামান্না-ই-লুিফকে (দেশের প্রথম নারী সামরিক পাইলট) এ সম্মাননা প্রদান করা হবে।
 
এছাড়া অনন্যার সাবেক নির্বাহী সম্পাদক সাংবাদিক ও নারী অধিকারকর্মী দিল মনোয়ারা মনুকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। আজ শনিবার সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বছর পুরস্কারপ্রাপ্ত ১০ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সেই সঙ্গে ইতিপূর্বে অনন্যা শীর্ষ দশ সম্মাননাপ্রাপ্ত নারীদের উপস্থিতিতে কেক কেটে অনন্যার ২৭ বছরপূূর্তি উদযাপন করা হবে।
 

১৯৯৩ সাল থেকে এই পুরস্কার দেয়া হচ্ছে। প্রতিবছর দেশের ১০ জন নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্যে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। গত বিশ বছরে ২০০ জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।