নোয়াখালীর চাটখিলে একরাম হোসেন স্বরনের (২০) লাশ ৩ মাস ৭ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। শনিবার সকালে ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়েরের উপস্থিতিতে কবর থেকে তার লাশ উঠানো হয়। স্বরনের উত্তোলনকৃত মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী আব্দুল মালেক উকিল সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ছয়ানী টগবা গ্রামের আব্দুল হাশিম বেপরীর ছেলে।
জানা গেছে, একরাম হোসেন স্বরন ৫ জুলাই মারা যান। স্বাভাবিক মৃত্যু বলে তার লাশ ওই দিনই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বরনের মা সুরমা বেগম তার ছেলেকে হত্যা করে দাফন করা হয়েছে বলে আদালতে মামলা করেন। বিজ্ঞ বিচারক তার লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। এ নির্দেশের প্রেক্ষিতে শনিবার সকালে তার লাশ উঠানো হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের জানান, ময়না তদন্তের রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে স্বরনের মায়ের অভিযোগটি হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
