কক্সবাজারের টেকনাফে ট্রানজিট ঘাট থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমার এক নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার দুপুর ১ টার দিকে টেকনাফ পৌরসভার পুরান ট্রানজিট ঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত হলেন, মিয়ানমারের মংডুর ঘোনাপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে নুরুল হক(২২)।
টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর আব্দুল হান্নান খাঁন বলেন, 'শনিবার দুপুরে বাংলাদেশ- মিয়ানমার ট্রনাজিট ঘাটে দায়িত্বরত বিজিবির কর্মকর্তা সুবেদার আবুল কালামের নেতৃত্বে বিজিবির একটি টিম মিয়ানমার থেকে আসা যাত্রীদের তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৮৭ পিস ইয়াবাসহ ওই মিয়ানমার নাগরিককে আটক করে। এ সময় একই স্থানে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৩৫ লাখ ৯৬ হাজার ১’শ টাকা।'
তিনি আরও বলেন, 'ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় সোর্পদ করে বৈদশিক আইন ও মাদক মামলা করা হবে। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে।' পরে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা ।
