মন্ত্রীর পথ রোধ করে রাস্তা সংস্কারের দাবি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০৫
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পথ রোধ করে রাস্তা সংস্কারের দাবি জানালেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
 
শনিবার দুপুর ১২টায় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।
 
মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন। এ সময় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস নেতা-কর্মীদের নিয়ে মন্ত্রীর পথ রোধ করেন। দীর্ঘদিন ধরে সংস্কার অভাবে মুন্সীগঞ্জের বেহাল রাস্তাগুলোর দ্রুত সংস্কারের দাবি জানান তিনি । ওবায়দুল কাদের সাতদিনের মধ্যে তাকে রাস্তা সংস্কার কাজ আরম্ভ করার আশ্বাস দেন।
 
উল্লেখ্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বারংবার জানানোর পরও কোন প্রতিকার না হওয়ায় বাধ্য হয়েই সংসদ সদস্য মৃণাল কান্তি দাস নেতা-কর্মীদের নিয়ে মন্ত্রীর পথ রোধ করেন।