গোপালগঞ্জের কাশিয়ানী বাস ও পিকআপের সংঘর্ষে বাবু শেখ (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। রবিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত আফসার শেখের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ওই মোড়ে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাসকে পিছন দিক থেকে রাজবাড়ীর গোয়ালন্দ গামী তরকারিবাহী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের যাত্রী ব্যবসায়ী বাবু শেখ ঘটনাস্থলে মারা যান। এ সময় ওই পিকআপের চালক সাগর সরদার ড্রইভারের সহকারী সাইফুদ্দিন মন্ডল মারাত্মক আহত হন। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
