নীলফামারীর জলঢাকা উপজেলায় এক প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সাতদিন থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা। এতে বিপাকে পড়েছে ৫ শতাধিক শিক্ষার্থী।
পৌরসভার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করছে।
প্রতিষ্ঠানের স্কুল শাখার আন্দোলনরত শিক্ষক স্বপন কুমার রায়, মিজানুর রহমান, নির্মলেন্দু রায় ও মঙ্গল চন্দ্র রায় অভিযোগ করেন, ‘প্রধান শিক্ষক ও কলেজ অধ্যক্ষ গোপীনাথ রায় টিউশন ফি ও উদ্দীপনার এক লক্ষ টাকাসহ কলেজের অবকাঠামো নির্মাণে বিভিন্ন উপকরণ শিক্ষকদের না জানিয়ে একের পর এক লোপাট করছেন।
তারা বলেন, ‘যতদিন আমরা টাকা পাচ্ছি না ততদিন ক্লাস বর্জনের আন্দোলন অব্যাহত থাকবে।’
অভিযুক্ত গোপীনাথ রায় বলেন, ‘দ্রুত কমিটির সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উদ-জামান সরকার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠানটিতে একাডেমিক সুপার ভাইজারকে পাঠানো হয়েছে।’
