ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যৌতুকের বলি হওয়া গৃহবধূ আকলিমা হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বরে শহরের পূর্ব মেড্ডা এলাকাবাসীর উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে কয়েক শ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলামের সভাপতিত্বে এতে জেলা কৃষক লীগের সহ সভাপতি নাছিমা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ অংশ নেন।
বক্তারা বলেন, আকলিমা হত্যা মামলার দীর্ঘ চার মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। তাই অভিযুক্ত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়ার যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্মমভাবে শারীরিক নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনায় পরদিন ১৭ এপ্রিল নিহতের বড় ভাই আক্তার মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
