সিডও সনদের পূর্ণ অনুমোদনের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫৪

নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও)’র পূর্ণ বাস্তবায়নে দেশের সমাজ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

তিনি বলেন, এদেশের সরকার সেই ১৯৮৪ সালে সিডও সনদের উপর চারটি ধারায় আপত্তি রেখে অনুমোদন দেয়। পরে দুটি ধারা থেকে অনুমোদন তুলে নেয়। কিন্তু সিডও সনদের প্রাণ বলে পরিচিত ২ ধারা এবং ১৬ এর ১ (গ) ধারা থেকে সরকার এখনও অনুমোদন তুলে নেয়নি। এতে করে সিডও বাস্তবায়ন বাধাগ্রস্থ হচ্ছে।

তিনি বলেন, বলা হচ্ছে, এদেশের সমাজ সিডও বাস্তবায়নে প্রস্তুত নয়। এটা একেবারেই ভুল কথা। এদেশের নারী সমাজকে বাদ দিয়ে তো এদেশের সমাজ নয়। নারী সমাজ সিডও সনদের পূর্ণ অনুমোদন চায়। তিনি অবিলম্বে সিডও পূর্ণ অনুমোদনের দাবি জানান।

এ সময় মানববন্ধনে অংশ নেন নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা মুসা ঝুমা, কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, সদস্য দিলরুবা খান, সদস্য মোমেনা আক্তার পপি, নুসরাত কাদেরী, লায়লা আর্জুমান্দ বানু, শাহনাজ খান, আনজুমান আরা শিল্পী, তাসকিনা ইয়াসমিন এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।