গাজা সীমান্তে বিক্ষোভকালে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এতে ছয় বিক্ষোভকারী আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে।
সীমান্তে সহিংসতা দেখা দিলে ইসরাইলি সৈন্যরা হামাসের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এ সময় ওই কিশোর মাথায় গুলিবিদ্ধ হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, কয়েক ঘণ্টা আগে গাজার পূর্বাঞ্চলে গুলিতে আহত ১৫ বছর বয়সী কিশোর সাইফ আল-দ্বীন আবু জেইদ মারা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, আহতদের নিকটস্থ শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে প্রায় প্রতিদিনই তরুণ ফিলিস্তিনিরা সীমান্তে বিক্ষোভ করে আসছে। তারই ধারাবাহিকতায় ওইদিন সীমান্তে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। — এএফপি
