বেড়ায় তুচ্ছ ঘটনায় একজন খুন

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৯:৫৬

পাবনার বেড়া উপজেলায় আজ বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবলু শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাটুরিয়া গ্রামে বিকাল পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাটুরিয়া গ্রামের বাবলু শেখ ও হেলালউদ্দিন একে অপরের প্রতিবেশী। তাদের বাড়ির দুজন শিশু আজ বিকালের দিকে বাজারে এলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বিকাল পাঁচটার দিকে দুই বাড়ির লোকজন ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হেলালউদ্দিনের বাড়ির লোকজন বাবলু শেখের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। 

তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খাইরুল ইসলাম ও শাবানা খাতুন নামের দুজনকে গ্রেপ্তার করেছে। 

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় বাবলু শেখের স্বজনেরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’

ইত্তেফাক/নূহু