আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার একটি নৌকা ডুবে অভিবাসন প্রত্যাশী কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। তুরস্ক থেকে গ্রিসে পাড়ি জমানোর চেষ্টাকালে তাদের এ করুণ মৃত্যু হয়। এদের মধ্যে চারটি শিশু রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়।
বেসরকারি বার্তা সংস্থা দোগান জানায়, তুর্কি কোস্টগার্ড কাঠের তৈরী ওই নৌকা থেকে ২০৫ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। নৌকাটি তুরস্কের অবকাশ যাপন শহর ডাটকা থেকে গ্রিসের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কস দ্বীপে যাচ্ছিল। এসব অভিবাসন প্রত্যাশী কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত জানা যায়নি।
এর আগে তিন বছরের আয়লান কুর্দির মৃতদেহ তুরস্কের সমুদ্র সৈকতে পড়ে থাকার ছবি দেখে বিশ্ব বিবেক কেপে ওঠে।বাসস
