সন্ত্রাস-বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে ভুলবশত মেক্সিকোর ২ নাগরিকসহ মোট ১২ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে মিসর। খবর বিবিসির।
দেশটির প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব কায়রোয় অবস্থানরত মেক্সিকোর রাষ্ট্রদূতের কাছে টেলিফোন করে দুঃখ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, ‘যারা আহত হয়েছেন, তাদেরকে প্রয়োজনীয় চিকিত্সা দেয়া হচ্ছে এবং বিদেশি নাগরিক হতাহতের ঘটনায় তিনি ক্ষমাপ্রার্থী ।’
দেশটির পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এলাকায় এ সব পর্যটকদের ভ্রমণে অনুমতি দেয়া হয়েছিল। রবিবারের অভিযানে আরো ১০ জন আহত হয়েছেন।
২০১৩ সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে জঙ্গিগ্রুপগুলোর সাথে সংঘর্ষ লেগেই চলেছে। ও দিকে, পশ্চিমাঞ্চলীয় মরুভূমি একটি জনপ্রিয় পর্যটন অঞ্চল। কিন্তু লিবিয়ার নিরাপত্তা ব্যবস্থা দিনকে দিন খারাপের দিকে যাওয়ায় ও-অঞ্চল বিপজ্জনক হয়ে উঠেছে।
