লালমনিরহাটের আদিতমারীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছুড়েছে ডিবি পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের রত্নাই নদী সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) উপ-পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে একদল সাদা পোশাকধারী পুলিশ মঙ্গলবার রাতে ভেলাবাড়ি ইউনিয়নের অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেন্সিডিল আটক করেন। ডিবি পুলিশকে ভুয়া ডিবি পুলিশ ভেবে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর আক্রমণ চালায়। এ সময় তাদেরকে লক্ষ্য করে জেলা গোয়েন্দা পুলিশ ৭ রাউন্ড গুলি বর্ষণ করে। অবশেষে মাদক ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হয়।
ডিবি পুলিশের এসআই মিজান ফেন্সিডিল আটক ও ৭ রাউন্ড গুলি বর্ষণের কথা স্বীকার করেন বলেন, 'নিজেদের আত্মরক্ষার্থে মাদক ব্যবসায়ীদের ওপর গুলি বর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'
