৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে মার্চ মাসকে ‘নারী গ্রাহক বিশেষ সেবা মাস’ হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এ মাসে ব্যাংকের প্রতিটি শাখায় নারী গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতে খোলা হয়েছে আলাদা ক্যাশ কাউন্টার। দিবসটি উপলক্ষে নেওয়া কার্যক্রম যথাযথ মর্যাদায় পরিপালন নিশ্চিতে একটি অফিস আদেশও জারি করা হয়েছে, যা ব্যাংকটির সব শাখায় পাঠানো হয়েছে। শুধু নারী গ্রাহকদের নয়, এ ব্যাংকে কর্মরত নারী কর্মীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রতিটি শাখায় এখন সংরক্ষিত ওয়াশরুম, টয়লেট ও বিশ্রামাগারের ব্যবস্থা রয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনতা ব্যাংক।
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুছ ছালাম আজাদ জানান, জনতা ব্যাংকে নারী বান্ধব ব্যাংকিং সেবা প্রদানের জন্য সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেখানে নারীরা সেবা গ্রহণকালে স্বাচ্ছন্দ্যবোধ করবে, নিরাপত্তা নিশ্চিত হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে সর্বোত্তম সেবা পাবেন। তিনি বলেন, আমাদের ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিজেই একজন নারী ও সফল নারী উদ্যোক্তা। তিনি দিবসটির তাত্পর্য অনুধাবন করে মার্চ-২০১৯ কে ‘নারী গ্রাহক বিশেষ সেবা মাস’ হিসেবে ঘোষণা করেছেন। ব্যাংকের প্রধান কার্যালয়সহ প্রতিটি শাখা যাতে এটি যথাযথ মর্যাদায় পরিপালন করে সেজন্য তাঁর নির্দেশে একটি অফিস আদেশও জারি করা হয়েছে; যা সব শাখাকে বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত করা হয়েছে।
