অপহৃত স্কুলছাত্রের মরদেহ উদ্ধার গ্রেফতার দুই

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ০৩:২৩

রাজধানীর জুরাইনে অপহূত স্কুলছাত্র আরিফের (৮) মরদেহ উদ্ধার করেছে কদমতলী থানার পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী গতকাল বুধবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফের বাবার নাম লিটন। তিনি কদমতলীর জুরাইন মেডিক্যাল রোড এলাকার বাসিন্দা। উল্লেখ্য, মরদেহ উদ্ধারের আগে অপহরণের অভিযোগের প্রেক্ষিতে আরিফের চাচাতো ভাই সম্রাট ও তার সহযোগী ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যেই লাশটি উদ্ধার করা হয়।

 

কদমতলী থানার এক এসআই জানান, গতকাল বিকালে কদমতলী মেডিক্যাল রোড থেকে গ্রেফতার করা হয় সম্রাট ও ইয়াসিনকে। জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করে অভিযুক্তরা। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, আরিফের বাবার কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনায় গত মঙ্গলবার সন্ধ্যায় আরিফের চাচাতো ভাই সম্রাট (২২) ও তার সহযোগী ইয়াসিন (২০) তাকে অপহরণ করে হাসনাবাদ নিয়ে যায়। পরে পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা দেয়ালের সঙ্গে মাথা ঠুকে ও শ্বাসরোধ করে হত্যা করে আরিফকে।