ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে এক স্কুলছাত্র ও অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নদীর ধাউচর ও রাতে পানগাঁও থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সামছুল আলম জানান, কেরাণীগঞ্জ মডেল থানার ধাউচরে পাওয়া যায় ঢাকার মিরপুর এলাকার বসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তমালের লাশ। সোমবার স্কুল পালিয়ে এক সহপাঠীর সঙ্গে গাবতলী এলাকায় নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়েছিল ১৪ বছর বয়সী এই কিশোর। সেদিন নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তমালকে পাওয়া যায়নি। বুধবার দুপুরে ধাউচর এলাকায় লাশ ভাসার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে তমালের লাশ সনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতে লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের পানগাঁও এলাকার বুড়িগঙ্গা নদীতে আরেকটি লাশ পাওয়ার খবরে পুলিশ সেখানে যায়। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল কালো ট্রাউজার ও সাদা টিশার্ট। লাশ অনেকটাই গলিত, আঘাত বা কোনো জখমের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
