মেহেরপুরে গাংনীর কাজিপুর সীমান্তে পুলিশ কনস্টেবল আলাউদ্দীন হত্যা মামলার প্রধান আসামি আনিছুর রহমান (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা মশান গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন বুধবার রাত ১২ টার দিকে প্রেস ব্রিফিং এই তথ্য জানান। তিনি জানান, আনিছুর রহমান মশান এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারী পুলিশ সুপার সার্কেল মুস্তাফিজুর রহমান ও গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন।
২৪ জুলাই শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে গাংনী উপজেলার বামুন্দী-কাজীপুর রাস্তার সাহেবনগর বাকীমোড় এলাকায় তল্লাশি চালানোর সময় দুর্বৃত্তরা আলাউদ্দীনকে হত্যা করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। প্রায় দেড় কিলোমিটার দূরে হাড়াভাঙ্গা মাদ্রাসার কাছে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে আলাউদ্দীনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রায় দুই ঘন্টা পর মারা যান তিনি। এ ঘটনায় পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুবির কুমার বাদি হয়ে গাংনী থানায় ২৫ জুলাই মাদক নিয়ন্ত্রণ আইনে একটি ও একটি হত্যা মামলা দায়ের করেন।
পরের দিন সকালে পুলিশ তল্লাশি চালিয়ে বাকীর মোড়ের অদূরে পুলিশ কনস্টেবল আলাউদ্দীনের খোয়া যাওয়া সর্টগান, ১৪ রাউন্ড গুলি ও মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই দিন দুপুরে বলিদাপাড়া থেকে আনিছের বাড়ির পাশে একটি বাঁশবাগান থেকে মাইক্রোবাসটি উদ্ধার করেন। এ সময় মাইক্রোবাসের ভিতর থেকে আরও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কয়েকদিন পর পুলিশ অভিযান চালিয়ে পুলিশ হত্যা মামলার অপর এক আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
