গাজীপুরে মীরেরবাজার এলাকা থেকে ১৯টি গরুসহ একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
গরু ব্যবসায়ীদের বরাত দিয়ে জয়দেবপুর থানার ডিউটি অফিসার সৈয়দ আবুল হাসেম জানান, রাজশাহী থেকে ১৯টি গরুবাহী একটি ট্রাক বিক্রির জন্য নোয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। পথে ভোর ৫টার দিকে মীরেরবাজার এলাকায় পৌঁছলে একটি পিকআপ এসে ট্রাকটির গতিরোধ করে। এ সময় পিকআপ থেকে ১০-১২জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে চালক, হেলপার, ব্যবসায়ীদের জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। গরু ও ট্রাক উদ্ধারে অভিযান চলছে।
গরু ব্যবসায়ীদের বরাত দিয়ে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজহারুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তাদের মাষ্টারবাড়ির ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে গিয়েছিল। সকাল ৭ টার দিকে তারা হোতাপাড়া ফাঁড়িতে আসে। পরে তাদের জয়দেবপুর থানায় পাঠানো হয়েছে।
