ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীতে ব্যক্তি উদ্যোগে পেন কালচার পদ্ধতিতে মাছ চাষ চলছে। জানা গেছে, মৎস্য অফিসের অনুমতি নিয়ে উপজেলার চর সালেপুরে পদ্মা নদীতে মৎস্যজীবী সমিতির ২৮ জন সদস্য ও বারোজন জেলে মিলে পেন কালচার পদ্ধতিতে চাষ করছে বিভিন্ন প্রজাতির মাছ। প্রায় বিশ একর জায়গা জুড়ে বাঁশ ও জালের বেষ্টনী দিয়ে তৈরি করা ঘেরে গত বুধবার রুই/কার্ফ জাতীয় পনেরো মণ মাছের পোনা ছাড়া হয়।
মাছের পোনা ছেড়ে উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন ও প্রকল্পের উদ্যোক্তা মো. আনোয়ার আলী মোল্যা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমির মালিক মো. নজরুল সিকদার, সহকারী মৎস্য কর্মকর্তা এম. এম. আজম আলী, আওয়ামী লীগ নেতা মো. আকবর মোল্যা, ইমরান মোল্যা ও মৎস্য জীবী সমিতির সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন জানান, নদীতে পেন কালচার পদ্ধতিতে মাছ চাষে প্রাকৃতিক ভাবে মাছ খাবার পেয়ে মাছ দ্রুত বড় হওয়ার পাশাপাশি কৃত্তিম খাবার কম দিতে হয়। ফলে এই পদ্ধতিতে মাছ চাষ করে মৎস্যজীবীরা অর্থনৈতিক ভাবে সাবলম্বী হওয়ার পাশাপাশি দেশে মাছের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখতে পারে।
