'চার লেনে উন্নীত হবে ১৭শ' কিলোমিটার মহাসড়ক'

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪০
যানজট থেকে রেহাই পেতে পর্যায়ক্রমে দেশের  ১৭ শ ৫২ কি. মি. মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিভাগ মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় নতুন নির্মিত বাইলেন সড়ক উদ্বোধন করতে এসে এ কথা বলেন তিনি।
 
তিনি আরও বলেন, 'এ মাসের শেষ দিকে এলেঙ্গা গাজীপুর মহাসড়কের চার লেনে উন্নীতকরণ এবং আগামী ডিসেম্বর থেকেই জয়দেবপুর ঢাকা র‌্যাপিড ট্রানজিট রোড নির্মাণের কাজ শুরু হবে।
 
আগামী কোরবানীর ঈদে মহাসড়কের পাশে গরুর হাট বসতে না দেয়ার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে বলে জানান মন্ত্রী। এবারের কোরবানির ঈদে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা চন্দ্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ৭শ মিটার দৈর্ঘ্যের একটি বাইলেন নির্মাণ করা হয়েছে।
 
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমদ, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এ এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাহেনুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।