কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে জেলার জীবিত ২ হাজার ৭৩০ জন মুক্তিযোদ্ধার দুই হাতের ছাপ সংগ্রহ করার উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বীরগাঁথা ডকুমেন্টারীর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।
এ সময় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ৯টি উপজেলায়ই সকল জীবিত মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু জানান, জীবিত মুক্তিযোদ্ধাদের নিয়ে এ উদ্যোগটি নিঃসন্দেহে সম্মানের এবং ভবিষ্যত্ প্রজন্মের স্মৃতিপটে ধরে রাখার মতো।
জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, আগামী ২৬ মার্চের আগেই এই কর্মসূচি শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে।
