নাটোরের নলডাঙ্গায় উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সকালে উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পৌরসভার টেন্ডার নিয়ে বেশ কিছু দিন ধরেই উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ ও অপর যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটনের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোহরাব হোসেন সোহাগ মোটরসাইকেলযোগে বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের সামনে গেলে সেখানে থাকা তৌহিদুর রহমান লিটন ও তার সহযোগীরা সোহাগের ওপর হামলা চালায়। এসময় তারা সোহাগকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে এবং তার ব্যবহৃত মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে।
এ ব্যাপারে তৌহিদুর রহমান লিটনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সাথে তার জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, নিজেদের মধ্যে বিরোধ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম জানান, সোহাগ ও লিটনের মধ্যে নলডাঙ্গা পৌরসভার টেন্ডার নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবির দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
