সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় চার জেলে আটক

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:৫৫

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে বাবা-ছেলেসহ চার জেলেকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে বন বিভাগের কর্মীরা। বনবিভাগ সূত্রে জানা যায়, পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনাধীন কালাবগী খাল এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বেলা আড়াইটায় রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু সালের নির্দেশে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করে কালাবগী স্টেশনের বন প্রহরীরা। আটককৃত জেলেরা হলেন: উপজেলার কালাবগী এলাকার কাওছার আলী মোল্যার ছেলে জোহর আলী মোল্যা ও তার ছেলে  রুবেল  মোল্যা এবং একই এলাকার জালাল তরফদার ও তার ছেলে তৈয়বুর তরফদার। এ সময়ে নিষিদ্ধ ডুবো জাল নৌকা বিষের বোতলসহ বিষ প্রয়োগকৃত মাছ জব্দ করে বন কর্মীরা।

কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, আটককৃত জেলেরা পাস পারমিট নিয়ে অবৈধভাবে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।