জয়পুরহাটে পাওয়া শিশু রাব্বীকে আহ্ছানিয়া মিশনে হস্তান্তর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ২৩:৫০

জেলার আক্কেলপুর থেকে পাওয়া শিশু গোলাম রাব্বীকে ঢাকা আহ্ছানিয়া মিশনের শাখা প্রতিষ্ঠান পঞ্চগড় আহ্ছানিয়া মিশন শিশুগ্রামে  বুধবার হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট সরকারি শিশু পরিবারের উপ তত্বাবধায়ক আবু সাঈদ মো: কাওছার রহমান শিশু গোলাম রাব্বীকে হস্তান্তর করেন। পঞ্চগড় আহ্ছানিয়া মিশন শিশুগ্রামের প্রতিনিধি আব্দুল মালেক সরকার শিশু রাব্বীকে গ্রহণ করেন।
শিশু পরিবার সূত্র জানায়, শিশু গোলাম রাব্বীকে গত ২৭ আগষ্ট জয়পুরহাটের আক্কেলপুর বাস টার্মিনালে কান্নারত অবস্থায় পাওয়া যায়। আক্কেলপুর থানা পুলিশ শিশুটিকে জয়পুরহাট সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারে পাঠায়।
রাব্বী একেক সময় একেক নাম বলে এবং পিতার নাম মৃত ইয়াছিন ও মাতা আম্বিয়া মহাখালী এটুকু জানায়। এর বাইরে কিছুই বলতে পারে না। শিশুটি ঢাকাইয়া ভাষায় কথা বললেও অস্পষ্টতার কারনে ঐ ঠিকানায় যোগাযোগ করে অভিভাবকের কোন সন্ধান পাওয়া যায়নি।
শিশু পরিবার থেকে ইতোমধ্যে পাঁচবার পালিয়ে যাওয়ার চেষ্টাও করে রাব্বী। এ অবস্থায় শিশু পরিবারে রাখা হলেও পালিয়ে যাবার মানোভাবের কারনে শিশুটিকে নিয়ে বিপাকে পড়ে শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীরা।
বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পত্র বিনিময় হয় কয়েক দফা। এতেও কোন সুরাহা না হলে পঞ্চগড় আহ্ছানিয়া মিশন শিশুগ্রামের সাথে যোগাযোগ করা হলে শিশু রাব্বীকে গ্রহণ করতে রাজি হয়। ফলে শিশু রাব্বীকে আজ বুধবার হস্তান্তর করা হয়েছে।
শিশুটির প্রকৃত অভিভাবক যোগাযোগ সাপেক্ষে শিশু রাব্বীকে নিতে পারবেন বলে জানান পঞ্চগড় আহ্ছানিয়া মিশন শিশুগ্রামের প্রতিনিধি আব্দুল মালেক সরকার।