টাঙ্গাইল সদর উপজেলার নতুন বাস টার্মিনালে শাহজালাল ট্রাভেলসের কাউন্টারে এক যাত্রীর রেখে যাওয়া ড্রামের ভেতর থেকে বুধবার রাতে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান ও শাহজালাল ট্রাভেলসের টিকেট মাস্টার মিজানুর রহমান মিজু জানান, মঙ্গলবার বেলা বারোটার দিকে এক লোক রিকশায় করে একটি ড্রাম এনে কাউন্টারে রেখে কিশোরগঞ্জ যাওয়ার কথা বললেও এক পর্যায়ে লোকটি কাউকে কিছু না বলে ড্রাম রেখে চলে যায়। পরের দিন বুধবার রাতেও লোকটি না আসায় বিষয়টি মালিক সমিতিকে জানানো হয়। রাত সাড়ে আটটার পর ড্রামটি খোলা হলে ড্রামের ভেতরে ঐ নারীর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঐ নারীকে হত্যার পর দুর্বৃত্তরা কৌশলে লাশ বাস কাউন্টারে রেখে গেছে। লাশের হাত বাঁধা ছিল।
