পিরোজপুরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির ইন্তেকাল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৩:১৩
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আকরাম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে...রাজেউন)। শুক্রবার ভোরে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
 
পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছু দিন যাবৎ হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শুক্রবার বাদ জুমা শহরের পুরানো ইদগাহে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর নাজিরপুর উপজেলা সদরে দ্বিতীয় জানাজা এবং গ্রামের বাড়ি আমতলায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 
 
আকরাম হোসেন কর্ম জীবনের শুরুতে স্কুল শিক্ষকতা ও পরে আইনজীবী পেশায় ছিলেন। তিনি পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, টাউন ক্লাবের সম্পাদক, রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৪ সাল থেকে আমৃত্যু জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। 
 
আকরাম হোসেনের মৃত্যুতে পরিবেশ ও বনমন্ত্রী, জাতীয় পার্টির  (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, 'এ মৃত্যুতে পিরোজপুরের রাজনৈতিক অঙ্গন একজন ত্যাগী ও নিবেদিত নেতাকে হারালো।'