বানারীপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার রাতে বিশারকান্দির পদ্মবুিনয়া বাজার এলাকা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে জনতা তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ফরিদপুরের সুমন শেখ, বাবুগঞ্জের রহমতপুরের মাসুদ রানা, বরিশালের চরকাউয়ার কাসেম খান, বাকেরগঞ্জের মিজানুর রহমান, নয়ন হাওলাদার ও বিশারকান্দির মরিচবুনিয়া এলাকার শুভঙ্কর চক্রবর্তী।
পরে খবর পেয়ে থানার ওসি জিয়াউল আহসান ঘটনাস্থলে গিয়ে আটককৃত ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার রহমানের পরিত্যক্ত বাগান বাড়ি থেকে একটি রিভলবার, বিভিন্ন ধারালো অস্ত্র ও কালো কাপড়ের মুখোশ উদ্ধার করেন। আটককৃত ডাকাত সর্দার মিজানুর রহমানের বিরুদ্ধে বাকেরগঞ্জ ও বানারীপাড়াসহ বিভিন্ন থানায় ১৬টি ডাকাতি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ ঘটনায় থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন বাদি হয়ে ওই ৬ ডাকাতসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অস্ত্র ও দস্যুতা আইনে মামলা দায়ের করেছেন।
এদিকে সম্প্রতি বানারীপাড়ার সলিয়াবাকপুরে সাইয়েদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিরা পারভীনের বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত বলে সনাক্ত করেছেন ওই শিক্ষিকার স্বামী উজিরপুর উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মো.সেলিম।
