বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ৪

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৮:১১
 
জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্তের ২৭৬/৮ সাব পিলার সংলগ্ন এলাকার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন আরো চারজন।
 
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে সীমান্ত ঘেষা একটি পুকুরে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এ সময় গ্রামবাসীরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা সংঘবদ্ধ হয়ে ওই গ্রামে প্রবেশ করে হামলা চালায়। এতে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের পরিমল চন্দ্র, ফারুক, বিদুত্, নির্মলচন্দ্র, হাজরা বেগম ও সায়েম গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে সায়েমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, পরে সেখানে তার মৃত্যু হয়।
 
এদিকে আহতদের দেখতে জয়পুরহাটের জেলা প্রশাসক আব্দুর রহিম ও পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেছেন।
 

জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার এ খবর নিশ্চিত করেছেন।