নান্দাইলে ছিনতাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ২১:৪৮
 
তথ্য প্রযুক্তির সাহায্যে নান্দাইল উপজেলার চামারুল্লাহ বাজারের একটি গুদাম থেকে ৯ টন মাছের খাদ্য (ফিস ফিল্ড) ও কটিয়াদি উপজেলা পল্লী বিদ্যুত্ সমিতির কার্যালয়ের সামনে থেকে ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
 
এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার দিনগত রাতে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকার আব্রাহাম মিয়া ও নান্দাইলের খামারগাঁও এলাকার অলিউল্লাহকে গ্রেফতার করেছে।
 
পরিবহন ঠিকাদার মো. ফখরুল ইসলাম বলেন, তিনি বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের ঘটনাটি জানতে পেরে ট্রাকের মালিককে ঘটনাটি অবহিত করেন। পরে ট্রাকের বিশেষ স্থানে লাগানো ‘থিফট ট্রেকারের’ (চোরের কবলে থাকা যানবাহন শনাক্ত করার  বিশেষ যন্ত্র) বার্তার সহায়তায় কটিয়াদি উপজেলা পল্লী বিদ্যুত্ সমিতির কার্যালয়ের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেন। পরে প্রযুক্তির সহায়তায় নান্দাইলের চামারুল্লাহ বাজারের হুমায়ুন কবীরের একটি গুদাম থেকে ছিনতাই হওয়া ট্রাকের নয় টন মালও উদ্ধার করা হয়।
 
এ সময় ট্রাক চালক অলিউল্লাহ ও  তার সহযোগী আব্রাহাম মিয়া নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
 
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে  জিজ্ঞাসাবাদ করে জড়িত অন্যান্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।