খুলনায় বাবা-মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতরা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ০৯:০৬
খুলনায় ডাকাতিতে বাধা দেয়ায় পিতা ইলিয়াস হোসেন (৭০) ও তার মেয়ে পারভীন সুলতানাকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 
 
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর লবণচরা থানা এলাকার মোহাম্মদ নগর সংলগ্ন বুড়ো মৌলবী’র দরা এলাকায় এই ঘটনা ঘটে। তবে ডাকাতরা কি পরিমাণ মালামাল বা অর্থ লুট করেছে- তা জানা যায়নি।
 
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারফ হোসেন রাত সাড়ে ১২টায় জানান, একদল সংঘবদ্ধ ডাকাত ইলিয়াস হোসেনের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা টের পেয়ে চিৎকার করলে তারা প্রথমে তাকে এবং তার কন্যা পারভীনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ সময় ডাকাতরা ঘরের মালামাল লুট ও আসবাবপত্র তছনছ করে। তবে ডাকাতরা কি পরিমাণ টাকা-পয়সা ও লুট করেছে তা জানা যায়নি। 
 
লবণচরা থানার এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি শুধুমাত্র ডাকাতি, না-কি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল- তা খতিয়ে দেখা হচ্ছে।
 
এদিকে, ডাকাতদের হাতে জোড়া হত্যার খবর ছড়িয়ে পড়লে আশপাশ এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।