ঝিনাইদহের শৈলকুপায় মেহেদ মালিথা (৩৫) নামে এক চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শক্রবার দিবাগত রাতে উপজেলার কাচেরকোল গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মেহেদ মালিথা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কেষ্টপুর গ্রামের আসমত মালিথার ছেলে।
নিহতর ছেলে বাপ্পি মালিথা জানান, শুক্রবার তার পিতা কুষ্টিয়া থেকে নতুন একটি অটোভ্যান কিনে ভাড়া মারতে বের হন। সন্ধ্যার পর থেকে তার কোন খোঁজ ছিল না। শনিবার সকালে শৈলকুপার কাচোরকোল গ্রামের মাঠে তার পিতার হাত পা বাঁধা লাশ পাওয়া যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান জানান, শুক্রবার বিকালে মেহেদ মালিথা কুমারখালী বাজার থেকে যাত্রী নিয়ে শৈলকুপায় আসে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে যাত্রীবেশি দুবৃর্ত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার নতুন অটোভ্যানটি নিয়ে গেছে।
লাশের পাশে একটি মোবাইল ফোন, তিন জোড়া স্যান্ডেল, দশ টাকার একটি নোট পাওয়া গেছে বলে জানান তিনি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলার প্রস্তুতি চলছে।
