রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার ঘটনায় পীরগঞ্জ থানার ২ এসআই ও ৪ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। শুক্রবার পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেন ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ।
তারা হলেন- এস আই নুর আলম সিদ্দিকি, এস আই মামুন, কনস্টেবল জিওব আহম্মেদ, আব্দুল জলিল, সোহাগ ও মনরঞ্জন।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে পীরগঞ্জ ও রানীশংকৈলের গোগর এলাকায় পীরগঞ্জ থানার এস আই নুর আলম সিদ্দিকি এবং এস আই মামুন, কনস্টেবল জিওব আহম্মেদ, আব্দুল জলিল, সোহাগ ও মনরঞ্জন রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটক করে। কয়েকজন দালালের মাধ্যমে টাকার বিনিময়ে তা ছেড়ে দেন। এ ঘটনায় স্থানীয়রা তাদের আটক করে রাখে। পরে রানীশংকৈল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, পীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন ও রানীশংকৈল থানার ওসি সুকুমার মহন্ত, পীরগঞ্জের হাজিপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও রানীশংকৈলের লেহেম্বা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ স্থানীয়দের উপস্থিতিতে স্কুল মাঠে এক বৈঠক হয়। এতে জনতা, পুলিশ ও স্থানীয়দের মধ্যস্ততায় রাত ৮ টার ওই ৬ পুলিশ সদস্য ছাড়া পান। এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ শুক্রবার বিকালে ওই ২ এসআই ও ৪ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেন।
পীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন জানান, পীরগঞ্জ থানার ২ উপ-পরিদর্শক ও ৪ কনস্টেবলকে আপাতত ঠাকুরগাও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরে অন্যত্র বদলি করা হবে।
