নৌকা ডুবিতে মা ও দুই মেয়ে নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ১১:০৭
গোপালগঞ্জের মুকসুদপুরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে মা ও দুই  মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার বিকালে মুকসুদপুর উপজেলার মটবাড়ী বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার উজানী ইউনিয়নের নৃপেন বালার স্ত্রী বিথী বালা (৩২), মেয়ে বৃষ্টি বালা (৮) ও কোয়েল বালা (৫)।
 
উজানী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য খোকন বালা জানান, শুক্রবার বিকালে নৃপেন বালা, তার স্ত্রী, ছেলে ও দুই মেয়ে নিয়ে নৌকায় করে পার্শ্ববর্তী বহুগ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার পথে মটবাড়ীতে ঝড় ওঠলে বাতাসে ও ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। নৃপেন বালা তার ছেলেকে বাঁচাতে পারলেও তার স্ত্রী ও দুই মেয়েকে বাঁচাতে পারেননি। খবর পেয়ে এলাকার লোকজন নিয়ে সন্ধ্যার দিকে ওই তিনজনের লাশ উদ্ধার করে। 
 
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।