সিরিয়ার ইদলিব প্রদেশে ইসলামপন্থী বিদ্রোহীদের একটি জোট তাদের হাতে ধরা পড়া ৫৬ জন সরকারি সৈন্যকে একসাথে হত্যা করেছে। আল-কায়দা সংশ্লিষ্ট বিদ্রোহী সংগঠন নুসরা ফ্রন্ট এই জোটের সদস্য। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরটির সত্যতা নিশ্চিত করেছে।
তাদের হাতে ইদলিবের সবশেষ সরকারি-নিয়ন্ত্রিত ঘাঁটিটির পতনের পর ওই সৈন্যরা ধরা পড়ে। এরপর আবু আল-দুহুর বিমানঘাঁটিতে গুলি করে তাদের ‘গণ-মৃত্যুদণ্ড’ কার্যকর করা হয়।
‘আর্মি অব কংকোয়েস্ট’ নামের এই বিদ্রোহী জোট দু বছর ধরে বিমানঘাঁটিটি অবরোধ করে রাখার পর শেষ পর্যন্ত তা দখলে নিতে সক্ষম হয়। এটাই ছিল ইদলিব প্রদেশে সরকারের নিয়ন্ত্রণাধীন শেষ ঘাঁটি। ফলে ইদলিব প্রদেশের প্রায় পুরো এলাকাই এখন এই বিদ্রোহী-জোটের নিয়ন্ত্রণে চলে গেল। সূত্র: এএফপি
