গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে হুমায়ন কবীর (২৩) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।
আজ শনিবার বেলা ৩ টার দিকে গাংনী পৌর এলাকার মালশাদহ তেল পাম্প এর নিকট ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন তিনি।
হুমায়ন কবীর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের ঠান্ডু মন্ডলের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, গাংনী থানা পুলিশ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। ৫ গ্রাম গাঁজাসহ ভ্রাম্যমান আদালতে হাজির করলে তার স্বীকারোক্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০এর ১৯(১) এর বর্ণিত টেবিল ৭ (ক) ধারায় দোষী প্রমানিত হয় এবং তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়া হয়েছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, আজ শনিবার সকালের দিকে ৫ গ্রাম গাঁজাসহ হুমায়ন কবীরকে হাটবোয়ালীয়া এলাকা থেকে আটক করা হয়েছে। হুমায়ন কবীরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
