ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ৬০ কি. মি. এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রবিবার ভোর থেকে এ মহাসড়কে যানজট তীব্র বলে জানিয়েছে যাত্রী ও পুলিশ। এতে হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। টাঙ্গাইল থেকে ঢাকায় থেকে দুই ঘণ্টার পথ পাড়ি দিতে যাত্রীদের ১০-১৫ ঘণ্টা লাগছে বলে জানা গেছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, এ সড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। কোরবানির পশুবাহী ট্রাক চলাচল করায় এ যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কি পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে খানা- খন্দ সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
মহাসড়কের চন্দ্রা, ক্যাডেট কলেজ, গোড়াই, সোহাগপাড়া, ধেরুয়া, দেওহাটা, মির্জাপুর বাইপাস, কুরনী, কদিমধল্যা, পাকুল্যা ও জামুর্কি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের জন্য মির্জাপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ চেষ্টা করে যাচ্ছে বলে জানান মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন মাইন।
