মেহেরপুরের গাংনী উপজেলার কষবা গ্রামে শনিবার দিবাগত রাত একটার দিকে ডাকাতির প্রস্তুতি সভায় হানা দিয়ে মহিবুর রহমান (২৫) নামে একজনকে আটক করেছে র্যাব ও পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৪টি হাত বোমা ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়। আটক মহিবুর রহমান কষবা গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি উৎপল রায় জানান, কষবা গ্রামের মোড়ে ১০/১২ জন ডাকাত সদস্য এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও গাংনী থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযান দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মহিবুর রহমানকে আটক করা হয়। সেখান থেকে ৪টি হাত বোমা ও দেশীয় অস্ত্রসস্ত্র (রামদা, হাঁসুয়া) উদ্ধার করা হয়। আটক মহিবুর রহমান আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য বলে জানান তিনি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
