অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। রবিবার আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।
মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে শনিবার সমুদ্রবন্দরগুলোতে জারি করা ৩ নম্বর সতর্ক সংকেত রবিবারও বহাল আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।-বাসস।
