বঙ্গোপসাগরের গভীরে সৃষ্ট লঘুচাপের কারণে ১২টি মাছ ধরা ট্রলার ডুবে অন্তত ৭ জেলে নিখোঁজ হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। রবিবার দুপুরে বঙ্গোপসাগরের কচিখালী, কটকা, নারিকেলবাড়িয়া ও সাতবাম এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে বলে জানান তিনি।
কোস্টগার্ড ট্রলারডুবি ও নিখোঁজের খবর শোনার কথা জানালেও বিস্তারিত জানাতে পারেনি। গোলাম মোস্তফা চৌধুরী জানান, রবিবার ভোরের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করলে প্রচণ্ড ঢেউয়ে কচিখালী, নারিকলেবাড়িয়া, কটকা ও সাতবাম এলাকায় মাছ ধরা ট্রলার ডুবে যায়। তিনি বলেন, "এসব ট্রলালের দেড় শতাধিক জেলেকে এফবি আল্লাহর দান, মায়ের দোয়াসহ বেশ কয়েকঢি ট্রলার উদ্ধার করে।"
কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, রবিবার বেলা ১টার দিকে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি ইমরান ও হাসিনা-সামিয়া নামে দুটি মাছ ধরার ট্রলার ডুবে অন্তত সাত জেলে নিখোঁজ রয়েছেন।
পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্টের লেফটেন্যান্ট এম এম রউফ বলেন, ট্রলার ডুবে জেলে নিখোঁজ হওয়ার খবর শুনেছেন। তবে সমুদ্র উত্তাল থাকায় খোঁজ নেওয়া যাচ্ছে না।
