চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকার বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন শতবর্ষী পুকুর ভরাট করে মার্কেট তৈরির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ বিষয়ে সম্প্রতি একটি মানবাধিকার সংগঠনের জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার রিটের অন্যতম বিবাদী চট্টগ্রামের জেলা প্রশাসককে দেওয়া আদালতের আদেশের কপি হাতে পাওয়ার কথা জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজিনা মাহমুদ।
প্রসঙ্গত মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান গত ১৪ ফেব্রুয়ারি জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে পরিবেশ অধিদপ্তরের সচিব, চসিক মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রামের জেলা প্রশাসককে বিবাদী করা হয়।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে আমরা পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নোটিস দিয়েছিলাম; কিন্তু এতে প্রতিকার না পাওয়ায় শতবর্ষী পুকুরটি রক্ষায় উচ্চ আদালতে রিট করি।
