মেহেরপুর শহরের বিসিক শিল্প নগরীর সামনে ট্রাকের চাপায় মেহেরাজ হোসেন (১৮) নিহত হয়েছেন। রবিবার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের রানার ছেলে সুজন (১৭) ও দৌলত হোসেনের ছেলে হাসান (১৭)। নিহত মদনাডাঙ্গা গ্রামের আব্দুল বারেকের ছেলে।
নিহতের বাবা আব্দুল বারেক জানান, মদনাডাঙ্গা গ্রামের তার ছেলেসহ ৫ জন শহরের বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। কাজ শেষে রাত সাড়ে ১০ টার তিনটি বাইসাইকেল যোগে তারা মদনাডাঙ্গা গ্রামে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বিসিক শিল্প নগরীর সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহরাজ মারা যান। আহত সুজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব। চালক ও ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
