টাঙ্গাইলে ৪ মৃত্যুর ঘটনায় দুই ওসি প্রত্যাহার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৫৫
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন মৃত্যুর ঘটনায় টাঙ্গাইল থেকে দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। রবিবার তাদের প্রত্যাহার করে নেয়া হয়। সোমবার সকালে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
পুলিশের গুলিতে চার গ্রামবাসী নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কালিহাতী থানার ওসি মো. শহিদুল ইসলাম ও ঘাটাইল থানার ওসি মোখলেছুর রহমানকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
 
এর আগে শনিবার রাতে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুব আলী, কনস্টেবল হারুন-অর-রশিদ, লিয়াকত আলী, কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার, সেলিম উদ্দিন, কনস্টেবল জিয়াউল হক ও আমিনুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
 
কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বিকালে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালায়। এ সময় চার গ্রামবাসী নিহত হন।