ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে প্রায় ৫৫ কি. মি. এলাকা জুড়ে ফের যানজট সৃষ্টি হয়েছে। তীব্র যানজটে হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। টাঙ্গাইল থেকে ঢাকার দুই ঘণ্টার পথ পাড়ি দিতে যাত্রীদের ১৫-২০ ঘণ্টা লাগছে বলে জানা গেছে। রবিবার বিকাল থেকে এ যানজট তীব্র আকার ধারণ করে বলে জানায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, রবিবার থেকে এ সড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। উত্তরাঞ্চলের ২২ টি জেলার ১২০ টি সড়কের যানবাহন এখন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করছে। বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাক চলাচল করায় চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কি পর্যন্ত যানজট সৃষ্টি হচ্ছে বেশি। এছাড়া গত দুই দিন ধরে বৃষ্টি থাকায় রাস্তা পিচ্ছিল হওয়ায় যানবাহন ঠিকমত চলাচল করতে পারছে না। মহাসড়কের চন্দ্রা মোড়ে গাড়ি ঠিকমত পারাপার না হওয়া ও কালিয়াকৈর ওভার ব্রিজে যানবাহন ৩-৪ লাইন হওয়ার কারণে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
সোমবার মহাসড়ক ঘুরে দেখা গেছে, মহাসড়কের চন্দ্রা, ক্যাডেট কলেজ, গোড়াই, সোহাগপাড়া, ধেরুয়া, দেওহাটা, মির্জাপুর বাইপাস, কুরনী, কদিমধল্যা, পাকুল্যা ও জামুর্কি এলাকায় তীব্র যানজট। যানজট নিরসনে পুলিশ বৃষ্টিতে ভিজেও চেষ্টা করে যাচ্ছে বলে জানান মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন মাইন।
