নওগাঁর বদলগাছীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য জুয়েল রানা নিহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে গয়েশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
ঘটনার পর আনোয়ার হোসেন নামে একজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তিনি একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয় সাবেক ইউপি সদস্য জুয়েল রানার কাছ থেকে টাকা পাবেন তার প্রতিবেশী আনোয়ার হোসেন। সকালে সেই টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতাণ্ডা হয়। এক পর্যায় আনোয়ার হোসেন একটি ছুরি দিয়ে জুয়েল রানার শরীরে একাধিক স্থানে আঘাত করলে গুরুত্বর আহত হন। ঘটনারপর জুয়েল রানাকে উদ্ধার করে জয়পুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আনোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দিয়েছে। সংবাদ পেয়ে আনোয়ার হোসেনকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।
