কারাগারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪৩
 
জমিজমা সংক্রান্ত অপরাধে সাজাপ্রাপ্ত তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত। রবিবার রাত আটটার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
 
তারা হলেন- বাগেরহাটের  মোড়লগঞ্জ থানার কুমারখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল জলিল (৩৪), জাহিদ হাসান (৩২) ও একই এলাকার সৌমেত হাওলাদারের ছেলে শুকুর হাওলাদার (৩৫)।
 
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আসামিদের ট্রাভেল পারমিটের মাধ্যমে  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তাদেরকে সোপর্দ করেন। আদালত তাদের তিন জনের ১০ বছর করে কারাদন্ড দেয়। ইতোমধ্যে আসামিরা ভারতের উত্তরখন্ডের হরদোয়ার রসনাবাদ কারাগারে আটবছর কারাভোগ শেষ করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্দী বিনিময় চুক্তিতে ট্রাভেল পারমিটে তারা স্বদেশ ফেরত আসেন। সাজার বাকি দুই বছর তারা বাংলাদেশের জেলখানায় কারাভোগ করবে বলে জানায় পুলিশ।
 
এদিকে ফেরত আসা বাংলাদেশিরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কাজের সন্ধানে তারা দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। অনুপ্রবেশের কথা বলে পুলিশ তাদের আটকের পর  জমিজমা সংক্রান্ত মামলার আসামি করে কারাগারে পাঠায়।
 
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ফেরত আসা আসামিদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের আদালতে পাঠাবে বলে জানান তিনি।