ট্রাকে করে গরু নিয়ে যাওয়ার পথে আরেকটি গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে মোহাম্মদ আলী (৫৫) নামে এক ব্যক্তি মারা যান। আহত হন তার ছেলে আমানউল্লাহ (৩০)। রবিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী উপজেলার গয়হাটা ইউনিয়েনের বনগ্রাম গ্রামের মৃত মুক্তার বেপারীর ছেলে ও বনগ্রাম শহিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের করনিক।
এলাকা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকালে বাড়ি থেকে গৃহপালিত গরু বেচার জন্য ট্রাক যোগে ডেমরা শারুলিয়া যাচ্ছিলেন। যাওয়ার পথে রাত ১২টার দিকে গরু ভর্তি ট্রাকটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দুরায় পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের উপর থেকে পড়ে যান মোহাম্মদ আলী। ঘটনাস্থলেই মারা যায় তিনি। ছেলে আমানউল্লাহ গুরুতর আহত হন।
স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান ঘটনার সততা স্বীকার করে বলেন, 'ট্রাক থেকে পড়ে মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। ছেলে আমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।'
