'মুসলমানরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়'

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৪৬
 
মুসলমানরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ‘যোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী রিপাবলিকান নেতা বেন কার্সন। তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় বিশ্বাস যুক্তরাষ্ট্রের সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কিছুদিন আগেই ওবামার ধর্মীয় পরিচয় নিয়ে রিপাবলিকানদের পক্ষ থেকে বিতর্ক সৃষ্টি করার পর এমন মন্তব্য করলেন কার্সন।
 
নির্বাচনী দৌড়ে দলের মধ্যে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে এমন একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন এক রিপাবলিকান সমর্থক। তখন সেই সমর্থকের বক্তব্যের প্রতিবাদ না করায় নিজ দলের মধ্যেও সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। ওই সমর্থক বলেন, ওবামা একজন মুসলমান। এমনকি তিনি আমেরিকান নন।
 
রবিবার এনবিসি টিভির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কার্সন বলেন, 'এই জাতির দায়িত্ব একজন মুসলমানের হাতে তুলে দেয়াকে আমি কখনো সমর্থন করব না। আমি কোনোভাবেই এর সঙ্গে একমত হতে পারি না।'
 
অনুষ্ঠানে কার্সন বলেন, তিনি তার কর প্রস্তাবের ধারণা বাইবেল থেকে পেয়েছেন এবং তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ধর্মীয় বিশ্বাস দেশটির ‘সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার’। 
 
ইসলামকে যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন কি না- এ প্রশ্নের উত্তরে অবসরপ্রাপ্ত নিউরোসার্জন কার্সন বলেন, 'না, মনে করি না।' যুক্তরাষ্ট্রের মুসলমানদের বড় একটি সংগঠন কার্সনের এই বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। সূত্র: রয়টার্স