ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামে ছেলেধরা সন্দেহে গন পিটুনীতে ইদ্রিস আলি (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি শৈলকুপা উপজেলার গোসাইডাঙ্গা গ্রামের নিহাল মুন্সির ছেলে। ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ায় তিনি ভাড়া থাকতেন। আজ বিকালে এ ঘটনা ঘটেছে।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, গ্রামবাসি অভিযোগ করেছে দুপুর আড়াইটার দিকে নিহত ইদ্রিস আলি রাজাপুর গ্রামের উজ্জল হোসেনের আড়াই বছরের ছেলে শাকিলকে জুস খাওয়ায়। এ সময় শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। শিশুটিকে নিয়ে পালানোর সময় ছেলেধরা সন্দেহে গ্রামবাসি তাকে ধরে গনপিটুনী দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করে দেখছে বলে পুলিশ সুপার আরো জানান।
