অনেক দিন পর সদলবলে রাচি এসেছেন মহেন্দ্র সিং ধোনি। এই সুযোগটা হাতছাড়া করলেন না। ধোনি ও তার স্ত্রী স্বাক্ষী পুরো ভারতীয় দলকে বাসায় দাওয়াত করেছিলেন নৈশভোজনে। সেখানে বেশ হালকা মেজাজে দলের সবাই মজা করলেন ধোনির সাথে।
ভারতীয় দলের এখন হালকা মেজাজেই থাকার কথা। দলের তারকারাও দল আছে দারুণ ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতে আসার পর এবার নিজেদের মাটিতে পাঁচ ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। আজ টানা তৃতীয় ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিতে চাইবে ভারত। আর এই সিরিজ জয়ের ম্যাচই অনুষ্ঠিত হবে আজ রাচিতে।
কাগজে-কলমে এবং বাস্তবতায় এই সিরিজে পরিষ্কার এগিয়ে আছে ভারত। যদিও ভারতে এসে ভারতকে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার পর অস্ট্রেলিয়ার কাছ থেকে সবাই একটা লড়াই আশা করেছিলো ওয়ানডে সিরিজে। লড়াই তারা করেছে। কিন্তু কাজের কাজ ম্যাচ জিততে পারেনি।
প্রথম ওয়ানডেতে, হায়দারাবাদে ৯৯ রানে ভারতের ৪ উইকেট ফেলে দিয়েছিলো অস্ট্রেলিয়ানরা। কিন্তু সেখান থেকে উঠে এসে ধোনি, কোহলি, কেদার যাদবরা ভারতকে ২৩৭ রান তাড়া করে ম্যাচ জেতান। এরপর নাগপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ভারতের ছুড়ে দেওয়া ২৫১ রানের লক্ষ্যে পিটার হ্যান্ডসকম্ব ও মার্ক স্টোয়নিস দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে। কিন্তু জসপ্রিত বুমরাহর অসাধারণ এক স্পেলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। বিরাট কোহলি ও বিজয় শঙ্কর জয় এনে দেন স্বাগতিকদের।
অস্ট্রেলিয়ার একটা বড় সংকট হলো, মাঝের ওভারগুলোতে তারা ভারতীয় স্পিনারদের বিপক্ষে স্ট্রাইক বদল করে খেলতে পারছে না। ফলে এই সময়টায় আর রান আসছে না তাদের। সেই সাথে অধিনায়ক অ্যারন ফিঞ্চের বাজে ফর্মও ভোগাচ্ছে খুব অস্ট্রেলিয়াকে। সেই সাথে তাদের বোলাররা ভারতের মাটিতে খুব একটা কার্যকর হতে পারছেন না।
অন্যদিকে ভারতীয় ব্যাটসম্যানরা আছেন দারুণ ফর্মে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সে দেশে ওয়ানডে সিরিজ থেকে শুরু করে অসাধারণ ছন্দে আছেন মহেন্দ্র সিং ধোনি। তার ফর্মে থাকাটা ভারতীয় দলের ভারসাম্য বদলে দিয়েছে। তার ঘরের মাটিতে ম্যাচে সিরিজটা নিশ্চিত করে ফেলতে চাইবে তাই ভারতীয় দল।
